বিয়ে করতে চান তিনি। এজন্য যাঁরা বিয়ের ঘটকালি করে থাকেন তাঁদের দ্বারস্থ হন। তিনি তাঁর কেমন পাত্রী পছন্দ সেটাও জানান। ৩৭ বছরের ওই ব্যক্তি একটি বড় সংস্থায় উচ্চপদে কর্মরত। আইআইটি থেকে পাশ করা ওই ব্যক্তি জানান, তাঁর ৩০ বছরের কম বয়সী তরুণী পছন্দ।
৩০ বছরের কম হওয়ার সঙ্গে সঙ্গে পাত্রীকে ব্রাহ্মণ হতে হবে। আর সেই সঙ্গে তাঁকে অক্ষতযোনি হতে হবে। এমন নারী যাঁর আগে কারও সঙ্গে কোনও সম্পর্ক ছিলনা। সহজ কথায় যাঁর কোনও অতীত নেই। এমন মহিলাকেই তিনি বিয়ে করবেন।
পাত্রের এই দাবির তালিকা সামনে আনেন এক ম্যাচমেকার ঐন্দ্রিলা কাপুর। এমন দাবিকে সমর্থন করে নয়, বরং তিনি ওই ব্যক্তির দাবিকে যে ভাল চোখে দেখছেন না তা ইন্টারনেটে স্পষ্ট করে দেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলা এটাও জানান যে নিজের এই দাবিদাওয়া যে তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও স্পষ্ট করে দেন ওই ব্যক্তি। এমনকি তিনি পুরুষ তাই এমন চাইতেই পারেন বলেও জানিয়ে দেন ওই ব্যক্তি বলে দাবি করেছেন ঐন্দ্রিলা কাপুর।
ওই ম্যাচমেকার তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর নেটিজেনরা কিন্তু মোটেও ওই ব্যক্তির স্বপক্ষে কথা বলেননি। বরং কড়া সমালোচনার শিকার হয় এমন চাহিদা। এমনকি এই দাবিকে দ্বিচারিতা বলেও কটাক্ষ করেছেন অনেকে। ভারতে যে এমন মানুষ রয়েছেন তাও অবাক করছে নেটিজেনদের।