ক্ষেতে ফসল পেকেছে। এবার তা ঘরে তোলার পালা। পাকা গম ক্ষেত থেকে তোলার কাজ করছিলেন একদল কৃষক। এই সময় তাঁরা লক্ষ্য করেন একটি চিতা ক্রমশ এগিয়ে আসছে ক্ষেতের মাঝে। তার লক্ষ্য অবশ্য গম নয়। তার লক্ষ্য ওই মাঠেই ঘুরে ঘুরে ঘাস খেতে থাকা মোষ।
হাতের সামনে শিকার। চিতা তার খাদ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। মোষ অবশ্য একটা নয়, অনেকগুলি ছিল। হয়তো চিতাটি স্থির করার চেষ্টা করছিল কোনটাকে তার শিকার করবে।
ঠিক সেই সময় এক বৃদ্ধ কৃষক মাঠের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন। চিতা দেখে যখন সকলে উল্টোদিকে পালানোর পথ খুঁজছেন, তখন বৃদ্ধ ছুটছেন চিতার দিকে। তাকে তাড়া করে এগিয়ে যেতে থাকেন বৃদ্ধ।
পিছন থেকে অন্য কৃষকরা তাঁকে যেতে মানা করেন। এটা অত্যন্ত ঝুঁকির তা তাঁরা বুঝতেই পারছিলেন। কিন্তু বৃদ্ধ কোনও কথাই কানে না তুলে এগিয়ে যেতে থাকেন চিতার দিকে।
চিতাটি বৃদ্ধকে এভাবে এগিয়ে আসতে দেখে হঠাৎ স্থির করে পালাবে। শিকার ছেড়ে বৃদ্ধের তাড়া খেয়ে চিতা একসময় দৌড় দিয়ে পালায়। তারপর গিয়ে মিলিয়ে যায় লাগোয়া জঙ্গলে।
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার মদনপুরা গ্রামে। কাছেই কুনো জাতীয় উদ্যান। যেখানে মাত্র ৪ বছর হল চিতা ঘুরতে শুরু করেছে। চিতা শূন্য ভারতে প্রধানমন্ত্রীর উদ্যোগে আফ্রিকা থেকে চিতা এনে তাদের ছাড়া হয়েছিল কুনোর জঙ্গলে।
সেখানেই এখন বংশবিস্তার ও আফ্রিকা থেকে আরও নতুন চিতার আগমনে সব মিলিয়ে চিতার সংখ্যা ৫০ পার করে গেছে। এই চিতারাই এখন খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকছে। তারই একটি উদাহরণ এই ঘটনা। যা হয়তো মানুষ ও চিতাকে একসঙ্গে থাকার পাঠও দিচ্ছে।