সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায় পৌঁছে দেবে। পৌঁছে দেবে সমতল থেকে পাহাড়ে।

ফাইল : দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে, ছবি - আইএএনএস

ব্যস্ত ভারতে সড়ক যোগাযোগ উন্নত করার প্রয়োজন প্রতিদিন অনুভূত হচ্ছে। দিনের অনেক মূল্যবান সময় সড়কপথ অতিক্রম করতে চলে যায় অনেক জায়গায়। সেখানে সড়কপথে সময় কমিয়ে সেই সময় প্রয়োজনীয় কাজে লাগাতে পারলে তা দেশের সার্বিক উন্নতির পক্ষে সদর্থক ভূমিকা নিতে পারে।

এবার সেই লক্ষ্যেই যানজট এড়িয়ে সহজে সমতল থেকে পাহাড়ে পৌঁছে দিতে দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে জুড়তে চলেছে আরও এতটি নতুন পথ। যা দেশের রাজধানীকে জুড়ে দেবে উত্তরাখণ্ডের রাজধানীর সঙ্গে।

দিল্লি থেকে এই এক্সপ্রেসওয়ে পৌঁছ যাবে দেরাদুন। যে পথে অফিস বা বাণিজ্যিক প্রয়োজনেও যেমন মানুষকে যাতায়াত করতে হয়, তেমনই বহু পর্যটক দিল্লি থেকে দেরাদুন পৌঁছন এই পথে।

দিল্লি ও মেরঠের মধ্যে সড়ক যোগাযোগ ক্রমশ যেভাবে অতি যানজটের শিকার হচ্ছে তাতে এই নতুন পথ অনেক দ্রুত মানুষকে গন্তব্যে পৌঁছে দেবে। ২১০ কিলোমিটার এই পথ চালু হতে চলেছে ১৪ এপ্রিল। ৬ লেনের এই এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি থাকতে পারবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

দিল্লি থেকে দেরাদুন পৌঁছতে এখন সড়কপথে মোটামুটি সাড়ে ৬ ঘণ্টা সময় লাগে। সেই সময়টা এই পথে কমে গিয়ে দাঁড়াবে মাত্র আড়াই ঘণ্টায়। দিল্লি থেকে দেরাদুন সড়কপথে মাত্র আড়াই ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে এই পথ ধরে। এমনকি যাঁরা হরিদ্বার পৌঁছতে চান দিল্লি থেকে তাঁদের জন্যও এই সড়ক কার্যকরি ভূমিকা নিতে চলেছে।