বাবাকে ক্যুরিয়ার করার চেষ্টা মেয়ের, ধরা পড়তে আশ্চর্য যুক্তি দিলেন মহিলা
বাবাকে ক্যুরিয়ার করার চেষ্টা করলেন মেয়ে। তাঁর ক্যুরিয়ার করায় সাহায্য করলেন তাঁর স্বামী, মা এবং ভাই। কেন এমন কাজ। অদ্ভুত যুক্তি দিলেন মহিলা।
ক্যুরিয়ার মারফত চিঠি থেকে শুরু করে কোনও জিনিস পাঠিয়ে থাকেন অনেকেই। ক্যুরিয়ার সংস্থাগুলি সেই জিনিস অর্থের বিনিময়ে সঠিক ঠিকানায় পৌঁছে দেয়। এমনই একটি ক্যুরিয়ার সংস্থায় একটি বিশাল বস্তা নিয়ে হাজির হন ৪ জন।
এক মহিলা জানান এই বস্তাটা তাঁরা ক্যুরিয়ার করতে চান। তাঁর স্বামী ও ভাই মিলে বেশ কসরত করেই তুলে আনেন ওই বস্তা। বিশাল বস্তা দেখে সন্দেহ হওয়ায় ক্যুরিয়ার সংস্থার কর্মীরা সেটিতে কি আছে জানতে চান।
মহিলা প্রথমে কিছুই বলতে নারাজ ছিলেন। কেবল এটাই জানান যে সেটা তিনি ক্যুরিয়ার করবেন। কিন্তু সংস্থার কর্মীরা চাপ দেওয়ায় অবশেষে সেই বন্ধ বস্তার মুখটা খুলে দেন তাঁরা। নড়তে থাকা বস্তার মধ্যে থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধ। তিনি ভাল করে শ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না।
সংস্থার কর্মীরা এটা দেখে আঁতকে ওঠেন। ওই মহিলা জানান তিনি তাঁর বাবাকেই ক্যুরিয়ার করতে চাইছিলেন। কিন্তু কেন? বেঙ্গালুরু শহরে ঘটা এই ঘটনায় ওই মহিলার দাবি উগাড়ি এবং রমজানের সময় বেঙ্গালুরুতে বাসের টিকিট পাওয়া যায়না। অগত্যা কোথাও যাওয়ার হলে ক্যুরিয়ার ছাড়া গতি নেই।
এমন একটা বার্তা দিয়ে সমাজ মাধ্যমে একটি রিল প্রকাশ করতে চেয়েছিলেন ওই মহিলা। আর তা করতে গিয়ে নিজের বাবাকেই বস্তায় বন্দি করে ক্যুরিয়ার করে দিচ্ছিলেন তিনি।
এটা জানার পর পুলিশ তাঁদের পুরো পরিবারকে থানায় নিয়ে যায়। সেখানে ক্ষমা চাওয়ার পর এবং আর কখনও এমন করবেননা এমন প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। রিল বানানোর জন্য মানুষ যে কি করতে পারে তার এক আশ্চর্য উদাহরণ হয়ে রইল এই ঘটনা।













