National

মাঠ ভরা ফসলের মাঝে ভাল্লুক সেজে ঘুরছেন কৃষকরা, ফলও পাচ্ছেন হাতেনাতে

মাঠ ভরে আছে ফসলে। সেই মাঠ ভরা ফসলের মাঝে ভাল্লুকের সাজে ঘুরে বেড়াচ্ছেন কৃষকরা। যে কারণে এই ভাল্লুকের সাজ তার ফলও পাচ্ছেন।

মাঠ ভরে গেছে ফসলে। ফসল পাকলে সঠিক সময়ে তা ঘরে তোলেন কৃষকরা। যাঁরা রাতদিন এক করে মাঠে ফসল ফলান। শুধুই কিছু মুনাফার মুখ দেখা নয়, ফসল তাঁদের জীবন। তাকে বাঁচানোর জন্য যে কোনও কষ্ট সহ্য করতে রাজি থাকেন তাঁরা।

যেমন এই গরমে সারাদিন মাঠের মধ্যে ভাল্লুক সেজে ঘুরে বেড়ানো। ভাল্লুকের মত সাজা মানে ভাল্লুকের মত কালো লোমশ পোশাকে নিজেকে মুড়ে ফেলা। মুখও ঢাকা মুখোশে। দেখে মজার লাগলেও যিনি এই ভাল্লুক সেজে ঘুরছেন তাঁর কষ্ট নেহাত কম নয়।

তবুও উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামের কৃষকরা নিজের নিজের ক্ষেতে এভাবে ভাল্লুক সেজে ঘুরছেন। কষ্ট সহ্য করে সারাদিন রোদের মধ্যে ক্ষেতের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছেন। লক্ষ্য একটাই, ফসল রক্ষা করা।

কিন্তু সে রক্ষা তো মানুষের থেকে নয়। বরং বাঁদরের থেকে। বাঁদরদের উপদ্রবে তাঁদের বহু পরিশ্রমে তৈরি ক্ষেত ভরা ফসল তছনছ হচ্ছে। এমনই অভিযোগ কৃষকদের।

বাঁদররা দলে দলে ক্ষেতে ঢুকে ফসলের দফারফা করছে। ফসল নষ্ট করছে। তাই বাঁদরদের ক্ষেত থেকে দূরে রাখতে এই অভিনব উদ্যোগ। মানুষকে বাঁদররা তেমন ভয় পায়না। যতটা ভাল্লুককে পায়। তাই ভাল্লুকের সাজ।

ভাল্লুকের সাজ কাজেও দিচ্ছে। ভাল্লুক সেজে কষ্ট করে মাঠে ঘুরতে হলেও ক্ষেতে ভাল্লুক ঘুরছে ভেবে বাঁদররা ক্ষেত এড়িয়ে চলছে। আশপাশে ঘুরলেও ফসলের ধারেকাছে ঘেঁষছে না। এতে ফসল বাঁচছে। সেটাই তো লক্ষ্য ফিরোজপুরের কৃষকদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *