দেশের জঙ্গলে নতুন ২ প্রাণের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
একটি আবিষ্কারকে সাফল্যের মাইলফলক বলে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী। এরা যে ভারতের জঙ্গলে রয়েছে সেটাই কারও জানা ছিলনা।
ভারতের জঙ্গলে এবার নতুন ২ প্রাণের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এমনিতেই হিমালয় ও হিমালয় লাগোয়া জঙ্গলগুলিকে প্রাণি বৈচিত্র্যের অন্যতম ঠিকানা বলা হয়। সেখানেই এবার ২টি নতুন পতঙ্গের খোঁজ পেলেন প্রজাপতি বিশেষজ্ঞেরা।
এই ২টি পতঙ্গ হল ২টি নতুন প্রজাতির লিচেন মথ। প্রজাপতি ও মথ, সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। শৈশবের বইয়ের পাতায় শেখানো হয় প্রজাপতি পাখা মেলে বসে আর মথ পাখা গুটিয়ে। সেই মথের ২টি একদম নতুন ধরনের খোঁজ পাওয়া গেল।
এখানে মনে হতেই পারে যে ২টি মথের খোঁজকে নিয়ে এতটা কৌতূহলের কারণ কি? কারণ রয়েছে। বাস্তুতন্ত্রের কাজ এবং বাতাসের দূষণ বুঝতে এই পতঙ্গের গুরুত্ব অপরিসীম। তাই সে কথা মাথায় রাখলে এই নতুন ২ মথের খোঁজ পাওয়ার অবশ্যই একটি বিশেষ বৃহত্তর তাৎপর্য রয়েছে।
কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী ভূপিন্দর যাদব এই খোঁজকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে ব্যাখ্যা করেছেন। এই নতুন ২ প্রকারের লিচেন মথের কথা প্রকাশ করার পর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-কে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।
দেশে মথের প্রকারভেদের বৈচিত্র্যেও এই ২ নবতম সংযোজন তথ্য তালিকাকে সমৃদ্ধ করল। এই ২ নতুন আবিষ্কার হওয়া মথ প্রজাতির নাম হয়েছে কলোসেরা হোলোয়াই এবং আসুরা বুক্সা।
জঙ্গলে উড়ে বেড়ানো এই ২ নতুন মথের প্রজাতি পতঙ্গ বিজ্ঞানীদের প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে আগামী দিনে বিশেষ সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













