মার্চ মাসের শুরুতেই রাজস্থানের অনেক জায়গায় পারদ ৪০ ছাড়িয়েছে। পারদ চড়ছে দিল্লিরও। এবার তার সঙ্গে তাল মিলিয়ে তালিকায় ঢুকে পড়ল বাণিজ্য নগরী মুম্বই সহ তার আশপাশের এলাকা।
মুম্বইতে পারদ তরতর করে চড়ছে। ৪০ ডিগ্রির কাছে বা ৪০ ছুঁয়েছে অনেক এলাকা। মার্চ মাসেই এই গরমের সঙ্গে পরিচিত নয় সমুদ্রের ধারের এ শহর। অসহ্য গরমের জেরে মানুষের শরীরে প্রভাব পড়েছে। অনেকে অসুস্থ বোধ করছেন।
এদিকে যেভাবে পারদ চড়ছে তাতে গরম নিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এখনই এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার উপায় নেই বলেই মনে করা হচ্ছে।
দুপুরের দিকে যতটা সম্ভব বাড়ি বা অফিস থেকে না বার হওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। তার সঙ্গে যুক্ত হয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। মুম্বই শহরে তাপপ্রবাহের পরিস্থিতি দরজায় কড়া নাড়ছে।
একাধারে শুকনো হাওয়া এবং সমুদ্র থেকে খুব কম বাতাসের উপকুলে পৌঁছনো এই দীর্ঘমেয়াদী অসহ্য গরমের জন্ম দিয়েছে। মার্চে মুম্বইতে গড়ে যে পারদ বিরাজ করত তা ইতিমধ্যেই ছাপিয়ে গেছে গরম।
যা গরম তাতে সাধারণ মানুষকে সুস্থ থাকার জন্য শরীরকে আর্দ্র রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। যথেষ্ট পরিমাণে জল পান, ফলের রস পান করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
সেই সঙ্গে দুপুরের রোদ যাতে গায়ে যথাসম্ভব কম লাগে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত পশ্চিম ভারত জুড়েই এবার মার্চের শুরু থেকেই পারদ লাফিয়ে লাফিয়ে চড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা