দোতলা বাসে নগর দর্শন, রাজধানী বেড়াতে দিতে হবে ৫০০ টাকা

দোতলা বাস শহর কলকাতায় একসময় দাপটে ঘুরে বেড়াত। এখন আর নেই। তবে দোতলা বাস ফিরছে। আর তা ফিরছে পর্যটনের কথা মাথায় রেখে।

দিল্লিতে চালু হওয়া দোতলা ইলেকট্রিক বাস, ছবি - আইএএনএস

দোতলা বাস নিয়ে মানুষের একটা বাড়তি কৌতূহল রয়েছে। প্রবীণ প্রজন্ম শহর কলকাতায় দোতলা বাস শুধু দেখে নয়, নিয়মিত চড়ে অভ্যস্ত ছিলেন। তারপর সময়ের সঙ্গে দোতলা বাস হারিয়ে যায় কলকাতার রাস্তা থেকে।

শুধু কলকাতা কেন ভারতের অন্য শহরেও তা অমিল হয়ে যায়। কিন্তু আবার তা ফিরছে। ফিরছে নব কলেবরে। ধোঁয়াকে বুড়ো আঙুল দেখিয়ে পরিবেশ বান্ধব দাপট নিয়ে ফিরছে দোতলা বাস। দেখতেও সুন্দর হচ্ছে। ভিতরে রয়েছে যাত্রীদের নানারকম সুযোগ সুবিধার ব্যবস্থা। আর এসব মূলত পর্যটনকে মাথায় রেখেই হচ্ছে।

রাজধানী ঘুরিয়ে দেখাতে এবার পথে নামল এমনই দোতলা বাস। ইলেকট্রিক চালিত বাসটি পরিবেশ বান্ধব। বাসটি দিল্লি ঘুরিয়ে দেখাবে পর্যটকদের। নগর দর্শন শুরু হবে সকাল ৯টা থেকে। বাসের ভাড়া ধার্য হয়েছে ৫০০ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে।

৫ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য ৩০০ টাকা এবং ৫ শতাংশ জিএসটি। ৫ বছরের কম বয়সীদের জন্য যাত্রা বিনামূল্যে। দিল্লিতে এই দেখো মেরি দিল্লি পর্যটনমুখী দোতলা বাসের উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

হিন্দুজা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলে দিল্লি পর্যটন দফতর এই বাস চালু করল। দিল্লি হাট থেকে প্রতিদিন যাত্রা শুরু করে এই বাস যাত্রীদের ঘুরিয়ে দেখাবে রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, ইন্ডিয়া গেট, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা