ভুল ট্রেনে উঠে পরবাসে, ১৪ বছর পর বালক তরুণ হয়ে খুঁজে পেল তার পরিবার
মাঝে কেটে গেছে ১৪টা বছর। হারিয়ে যাওয়ার সময়ের ৬ বছরের বালকটি এখন ২০ বছরের তরুণ। এতদিন পরবাসে কাটানোর পর অবশেষে সে খুঁজে পেল তার পরিবারকে।
এটা অনেকটা সিনেমার মত। বাবার সঙ্গে হাওড়া আসছিল ৬ বছরের বালকটি। কিন্তু বাবাকে হারিয়ে ফেলে সে। বাবাকে হারিয়ে একা ছেলেটি সামনে দাঁড়ানো ট্রেন দেখে উঠে পড়ে। তার ধারনা ছিল সেটা হাওড়া যাবে। কিন্তু সেই ট্রেন তাকে নিয়ে গিয়ে হাজির করে কেরালায়।
এটা ২০১২ সালের ঘটনা। ৬ বছরের ছেলেটাকে এরপর উদ্ধার করে একটি হোমে রাখা হয়। সে কোথা থেকে আসছে, তার বাবা বা বাড়ির লোকজনের নাম কি, এসব কিছুই সে ঠিক করে বলতে পারেনি। ফলে পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়াও সম্ভব হয়নি।
একদিকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে যখন কেরালার কান্নুরে কাটাচ্ছে, তখন তার বাড়ির লোকও তাকে অনেক খোঁজ করে অবশেষে ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন।
এভাবে কেটে যায় একের পর এক বছর। এর মাঝে তার বাবাও এ পৃথিবীতে আর নেই। গোপ নামে ওই ছেলেটি এটুকু জানাতে পারে যে তার বাড়ি চাইবাসায়। কিন্তু চাইবাসার কোথায় তা সে বলতে পারেনি।
অবশেষে কান্নুরের ওই হোমে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার একটি ভিডিও ছড়িয়ে দেয়। যদি কেউ তাকে দেখে চিনতে পারেন। সেটাই অবশেষে মিলিয়ে দিল। গোপকে ফিরিয়ে দিল তার পরিবার।
মাঝে কেটে গেছে ১৪টা বছর। এই ১৪ বছরে গোপ এখন ২০ বছরের তরুণ। এখন শুধু কয়েকটি কাগজি প্রক্রিয়া বাকি। তারপরই গোপ পৌঁছে যাবে তার পরিবারের কাছে।
একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর রীতিমত সাড়া ফেলে দিয়েছে গোপের এই বিচ্ছেদ ও মিলন কাহিনি। এ যেন ১৪ বছর বনবাস শেষে ফের বাড়ি ফিরবে গোপ।













