১০০ টাকার জন্য ৪৫ বছর পর গ্রেফতার হল এক ব্যক্তি

১০০ টাকার জন্য পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ৪৫ বছর কেটে গেছে সে ঘটনার। যে কারণে সে গ্রেফতার হল।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি

১৯৮০ সালের কথা। সে সময় একটি গম ক্ষেতে ঢুকে গম চুরি করে এক বছর ২০-র তরুণ। একটা চটের ব্যাগের পুরোটাও নয়। ১০০ টাকার মত গম চুরি করে সে। কারণ একটি চটের ব্যাগের কিছুটা বাকি থাকা অবস্থায় যে গম তাতে ধরত তাতে তার দাম ১০০ টাকার মতই হত।

এই চুরির কথা জানাজানি হওয়ার আগেই সে এবং তার পরিবার গ্রাম ছেড়েই অন্যত্র চলে যায়। কিন্তু পুলিশে অভিযোগ জমা পড়ে। ১০০ টাকার গম চুরির লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। কিন্তু পুলিশ ওই যুবককে খুঁজে পায়নি। কারণ সে তখন অন্যত্র পরিবার নিয়ে বাসা বাঁধে।

মধ্যপ্রদেশের বালসামুন্দ এলাকার বাসিন্দা সেলিম সেই জায়গা ছেড়ে পরিবারের সঙ্গে ধার জেলার বাগ এলাকায় বসবাস শুরু করে। সেখানে ক্রমে সে একটি দোকান তৈরি করে। তারপর দোকান চালাতে থাকে।

কোনও অপরাধের সঙ্গে তার কোনও যোগ ছিলনা। সে যে ১০০ টাকার গম চুরি করেছিল তাও সময়ের সঙ্গে প্রায় ভুলতে বসে সে। বরং দোকান, পরিবার নিয়ে তার সুখের সংসার গড়ে ওঠে।

সম্প্রতি মধ্যপ্রদেশে একটি নতুন উদ্যোগ মাথাচাড়া দেয়। বিভিন্ন থানায় যেসব মামলা রুজু হয়েছিল সেগুলির নিষ্পত্তি করার উদ্যোগ নেয় পুলিশ বিভাগ। ধুলো ঝেড়ে বার করা হয় বহু পুরনো সব ফাইল। সেখানেই এই ১০০ টাকার গম চুরির ঘটনা নজরে আসে পুলিশের।

৪৫ বছর পুরনো ঘটনা। তাও আবার মাত্র ১০০ টাকার চুরি। কিন্তু পুলিশ হাল ছাড়েনি। সেলিমের এক পরিচিতকে জিজ্ঞাসাবাদ করে সেলিমের বর্তমান ঠিকানা জানতে পারে তারা। তারপর সেখানে হানা দিয়ে সেলিমকে গ্রেফতার করে।

এখন সেলিমের বয়স ৬৫ বছর। ২০ বছর বয়সে ১০০ টাকার গম চুরির জন্য ৬৫ বছর বয়সে পৌঁছে ধরা পড়ল সে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা