ইতিহাস সৃষ্টিতে বাকি কয়েকটা দিন, তারপরই চাঁদে পাড়ি দেবেন ৪ মহাকাশচারী
পৃথিবী আবার ইতিহাসের দোরগোড়ায়। আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তারপরই চাঁদে পাড়ি দেবেন ৪ মহাকাশচারী। উড়ানের দিন স্থির করল নাসা।
বহুদিন ধরেই চলছে আর্টেমিস ২ মিশনের তোড়জোড়। অপেক্ষা ছিল সেই দিনের যেদিন ৪ মহাকাশচারীকে নিয়ে চাঁদে পাড়ি দেবে এই মহাকাশযান। কিন্তু নানা কারণে পিছিয়ে যাচ্ছিল যাত্রা।
কখনও জ্বালানি বেরিয়ে যাওয়ার সমস্যা। তো কখনও কোনও প্রযুক্তিগত সমস্যা। ফলে পিছোতে থাকে যাত্রা। একদম নিশ্চিত না হয়ে চাঁদের দিকে মানুষ পাঠানো যায়না। শেষ স্তরে ওয়েট ড্রেস রিহার্সাল।
একে বাংলা করলে দাঁড়ায় ভেজা পোশাকের মহড়া। কিন্তু এই পরীক্ষার সঙ্গে ভেজা কাপড়ের কোনও সম্পর্ক বাস্তবে নেই। এটা হল মহাকাশযানটিতে জ্বালানি ভরা। যা সঠিকভাবে ভরা এবং তা লিক না করা নিশ্চিত হওয়া জরুরি ছিল। সেই পরীক্ষা সফল হয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের ৬ এবং পরে ৮ তারিখ যাত্রার দিন স্থির হলেও তা পিছিয়ে যায়। অবশেষে নাসা ঘোষণা করেছে তারা আগামী ৬ মার্চ আর্টেমিস ২ মিশনে ৪ মহাকাশচারীকে চাঁদে পাঠাতে চলেছে।
এইদিন আপাতত স্থির হলেও নাসা এখনও সবদিক খতিয়ে দেখছে। নাসা এখনও যত রকেট তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল স্পেস লঞ্চ সিস্টেম। যা ওরিয়ন মহাকাশযানে ৪ মহাকাশচারীকে পৌঁছে দেবে মহাকাশে।
এই ৪ মহাকাশচারী চাঁদে পাড়ি দিলেও তাঁরা কিন্তু চাঁদের মাটিতে পা দেবেন না। চাঁদে নামবেন না। বরং চাঁদের খুব কাছে পৌঁছে তাকে প্রদক্ষিণ করতে থাকবেন।
আর সেই প্রদক্ষিণের সময় প্রয়োজনীয় যাবতীয় তথ্য সংগ্রহ করতে থাকবেন। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের যে দিকটা নজরে পড়ে না সেদিকটাও পরীক্ষা করে দেখবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













