SciTech

লাল গ্রহে লাল পাথর নীল পাথর, মঙ্গলগ্রহে আশ্চর্য খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহে যতই ঘুরছে রোবট যান, ততই আশ্চর্য থেকে আশ্চর্য সব জিনিস নজর কাড়ছে। এবার অতিক্ষুদ্র এক আশ্চর্য নুড়ি পাথরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

মঙ্গলগ্রহে যে কত রহস্য লুকিয়ে রয়েছে তা মানুষের অজানা। লাল গ্রহে এবার এক বিশেষ ধরনের নুড়ি পাথরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যে পাথরের টুকরোই জন্ম দেয় চুনি ও নীলকান্তমণির। অত্যন্ত দামি রত্ন পাথর হিসাবে চুনি ও নীলকান্তমণি প্রসিদ্ধ।

সেই পাথরের খোঁজ মিলল মঙ্গলগ্রহে। যা আশ্চর্য করছে বিজ্ঞানীদের। কারণ এই পাথর তৈরি হয় টেকটনিক প্লেটের অদল বদলের ফলে জন্ম নেওয়া বিশেষ ধরনের উত্তাপে।

কিন্তু মঙ্গলগ্রহে কোনও টেকটনিক প্লেটই নেই। ফলে তার স্থান পরিবর্তনের সম্ভাবনাও নেই। তাহলে কীভাবে ওই বিশেষ ধরনের নুড়ি জন্ম নিল?

এর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গলের মাটিতে আছড়ে পড়া গ্রহাণু থেকে তৈরি হওয়া উত্তাপেই তার ধরণ বদলেছে সেখানকার ধুলো। যা ওই নুড়ি পাথরের জন্ম দিয়েছে। যা মাপে অতি ক্ষুদ্র। মাত্র ০.২ মিলিমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো-র গবেষণাগারে পারসিভিয়ারেন্সের পাঠানো ছবি পর্যালোচনা করে গবেষকেরা এই বিশেষ পাথরের উপস্থিতি সম্বন্ধে জানতে পেরেছেন। টেক্সাসে অনুষ্ঠিত লুনার অ্যান্ড প্ল্যানেটরি কনফারেন্সে গবেষকেরা এই পাথরের বিষয়টি তুলে ধরেন।

তা জানার পর কার্যত হতবাক হয়ে যান বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহেও যে চুনি বা নীলকান্তমণির মত অতি মূল্যবান রত্নের জন্মদাতা ছড়িয়ে থাকতে পারে তা ভাবতেও পারছেন না তাঁরা। এই খোঁজ মঙ্গলগ্রহের পাথর নিয়ে ফের নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *