World

বিশ্বের সবচেয়ে লম্বা গুহা ৬৮৫ কিলোমিটার লম্বা, এখানেই শেষ নয়, আরও বাড়ছে গুহাপথ

একটা গুহা ৬৮৫ কিলোমিটার লম্বা। ফলে অনুমেয় সেটি কতটা লম্বা। কিন্তু আরও বড় চমক হল এ গুহাপথ এখানেই শেষ নয়। আরও বাড়ছে তার পথচলা।

পাহাড়ের খাঁজে গুহামুখ। তার মধ্যে দিয়ে সংকীর্ণ পথ। কখনও আবার সেটা চওড়া হয়ে যায় কিছুটা। মাথার ওপর থেকে শুরু করে আশপাশের পুরোটাই পাথুরে। অন্ধকার এসব গুহাই ছিল একসময় মানুষের বাসস্থান।

এখানেই রোদ, জল, বৃষ্টি, তুষার থেকে বাঁচতে আশ্রয় নিতেন তাঁরা। এখন আর গুহায় মানুষ থাকেনা। তবে গুহাগুলি তো রয়েই গেছে। অনেক গুহা আবিষ্কার হয়েছে। এখনও অনেক জায়গায় নতুন গুহার সন্ধান পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা নানা গুহার মধ্যে সবচেয়ে লম্বা যে গুহাটি তার গুহাপথের দৈর্ঘ্য শুনলে কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারবেননা। সেটি লম্বায় ৬৮৫ কিলোমিটার। কলকাতা থেকে যাত্রা শুরু করলে প্রায় গ্যাংটক পৌঁছে যাওয়া যায় ৬৮৫ কিলোমিটার পথ অতিক্রম করলে।

এই পথ গুহার মধ্যে দিয়ে রয়েছে। আর শুধু রয়েছেই নয়, তা বেড়ে চলেছে। কারণ এখনও এই গুহার ম্যাপিং অব্যাহত। আর তাতে নতুন নতুন গুহাপথের সন্ধান পাওয়া যাচ্ছে এর ভিতরে।

এই অতি আশ্চর্য গুহা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি-তে। নাম ম্যামথ কেভ। গুহাটিতে ৫ হাজার বছর আগেও মানুষের আনাগোনা ছিল। তবে থাকতে নয়। জিপসাম সহ অন্যান্য খনিজে পেতে এই গুহায় প্রবেশ করতেন মানুষ।

১৯৫০ সালের পর এই গুহার যখন ম্যাপিং শুরু হয় তখন দেখা যায় এ গুহা লম্বায় কোথায় শেষ বোঝা যাচ্ছেনা। কারণ এই ম্যামথ গুহাটির মধ্যে যে পথ তা ধরে অনেক দিকে যাওয়া যায়। ভিতরে অনেক চেম্বারের মত জায়গাও রয়েছে।

এখনও এই গুহার গুহাপথ পরিমাপ চলছে। আর যতই তা হচ্ছে ততই দেখা যাচ্ছে গুহাপথ বেড়ে চলেছে। তাই এই ৬৮৫ কিলোমিটারই শেষ নয়। এ গুহা যে ঠিক কোথায় গিয়ে শেষ হবে তা এখনও বিশেষজ্ঞদের কাছে পরিস্কার নয়। এই অতি আশ্চর্য গুহা দেখতে প্রতিবছর কমপক্ষে ৫ লক্ষ পর্যটক হাজির হন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *