Feature

একটি নদীকে বলা হয় ভারতের ইংলিশ চ্যানেল, নামকরণের কারণ শুনলে অবাক হতে হয়

ভারতে নদীর সংখ্যা নেহাত কম নয়। তার মধ্যে একটি নদীকে বলা হয় ভারতের ইংলিশ চ্যানেল। এই নামকরণের পিছনে কারণটি অত্যন্ত যুক্তিসঙ্গত।

ইংলিশ চ্যানেল সম্বন্ধে অনেকেই জানেন। ইংল্যান্ড ও ফ্রান্সকে আলাদা করেছে ইংলিশ চ্যানেল। আর এই জলপথ জুড়েও রেখেছে ২ দেশকে। ভারতের একটি নদীকে ভারতের ইংলিশ চ্যানেল বলে ডাকা হয়। ঠিক যে কারণে মূল ইংলিশ চ্যানেল বিখ্যাত, ভারতের ক্ষেত্রেও নদীটি ঠিক সেই কারণে বিখ্যাত। আর সেই কারণই তাকে এই নামটি দিয়েছে।

নদীটি খুব লম্বা নয়। উৎস থেকে মোহনা মাত্র ৫৪ কিলোমিটার। কিন্তু তার এই গতিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর ২ ধারে এই নদীকে ভরসা করে অনেক শহর, গ্রাম গড়ে উঠেছে।

একটা সময় এটি বাণিজ্যিক কারণেও গুরুত্বপূর্ণ ছিল। জলপথে যোগাযোগের ক্ষেত্রে এখনও এ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটি চওড়াতেও অনেকটা।

নদীটি সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে। আর মোহনায় গিয়ে মিশেছে আরবসাগরে। নদীটির নাম মাহে নদী। কেরালার অন্যতম নদী এটি। মাহে শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই নদী। তাই নাম মাহে। এখন প্রশ্ন হল কেন এই নদীকে ভারতের ইংলিশ চ্যানেল বলা হচ্ছে?

একটা সময় মালাবার অঞ্চল ছিল ব্রিটিশদের দখলে। আর মাহে ছিল ফ্রান্সের দখলে। এই ২ স্থলভাগের মাঝখান দিয়ে বয়ে যেত মাহে নদী। তার ২ ধারের একদিকে ছিল ব্রিটিশ শাসন আর অন্যদিকে ফরাসীরা।

যেহেতু ইংলিশ চ্যানেল ব্রিটেন ও ফ্রান্সের মাঝখান দিয়ে বয়ে গেছে তাই ভারতেও ব্রিটিশ ও ফ্রান্সের ২ স্থলভাগের মাঝখান দিয়ে বয়ে যাওয়ায় মাহে নদীকে বলা হত ভারতের ইংলিশ চ্যানেল। নামে মাহে হলেও মাহে নদীর ভারতের ইংলিশ চ্যানেল পরিচিতিটি আজও অটুট রয়ে গেছে। যা অযৌক্তিকও নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *