Business

রান্নার গ্যাস নিয়ে চিন্তা কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশ নিল কেন্দ্র

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তার ভাঁজ দূর করতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। যা সাধারণ মানুষকে আরও নিশ্চিন্ত করতে পারে।

পশ্চিম এশিয়া জুড়ে যে অস্থির অবস্থা ও অচলাবস্থা তৈরি হয়েছে তার বড় আঁচ এসে পড়তে পারে জ্বালানিতে। এমন আশঙ্কা তো তাবড় বিশেষজ্ঞেরাও করছিলেন। এসব জল্পনার মধ্যেই ৬০ টাকা করে বৃদ্ধি পায় সাধারণ মানুষের রান্নাঘরে থাকা রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম।

একে আর্থিক বোঝা তার সঙ্গে সরবরাহ নিয়ে চিন্তা বাড়ে সাধারণ মানুষের। তারপরেই আবার একটি নির্দেশে একটি গ্যাস বুক করার পর কমপক্ষে ২৫ দিনের আগে আর গ্যাস বুক করা যাবেনা বলে জানিয়ে দেওয়া হয়।

প্যানিক বুকিং আটকাতে কেন্দ্র এই পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের একাংশের ধারনা হয় পর্যাপ্ত এলপিজি না থাকায় এমন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে জন্ম নেওয়া এমন নানা ভাবনাকে কিছুটা মুছে দিতে পারল এদিনের সিদ্ধান্ত।

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, দেশের অয়েল রিফাইনারি বা জ্বালানি পরিশোধন কেন্দ্রগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি করে।

দেশজুড়ে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। যা মানুষের চিন্তাও দূর করবে। সরকারের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে যে অনেক দেশের তুলনায় ভারত অনেকটা ভাল অবস্থায় রয়েছে। যার হাত ধরে দেশের সাধারণ মানুষকে কার্যত নিশ্চিন্ত করার চেষ্টাই করেছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *