আরও কড়া হল গ্যাস বুকিং, স্বস্তির বার্তা পেট্রোল, ডিজেলে
মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থার জেরে গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যেই বৃদ্ধি করেছে তেল সংস্থাগুলি। এবার গ্যাস বুকিং নিয়েও কড়া হল সরকার।
সাধারণ পরিবারে যে রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডার ব্যাবহার হয় তার বুকিং নিয়ে আরও কড়া অবস্থান নিল কেন্দ্র। রান্নার গ্যাস বুকিং ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দিল তারা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনা করে একটা প্যানিক বুকিং চলছিল ভারত জুড়ে। যার কোনও প্রয়োজন নেই বলে মনে করছে কেন্দ্র।
অনেকেই গ্যাস সিলিন্ডার বুক করে রেখে দিতে চাইছেন। যদি আগামী দিনে গ্যাস পেতে অসুবিধা হয় সেই আশঙ্কায় এই প্যানিক বুকিং আটকাতে ২৫ দিন করে দেওয়া হল বুকিং সময়।
কারণ সরকার মনে করছে একটি সাধারণ পরিবারে বছরে ৭ থেকে ৮টি সিলিন্ডার প্রয়োজন হয়। মোটামুটি একটা সিলিন্ডার ৬ সপ্তাহ চলে।
সেই হিসাব মাথায় রেখেই সিলিন্ডার বুকিংয়ের সর্বনিম্ন সময়সীমা ২৫ দিনে টেনে নিয়ে গেল সরকার। অন্যদিকে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে সরকারের তরফে এটাও জানানো হয়েছে ভারতে পর্যাপ্ত এলপিজি রয়েছে।
রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬০ টাকা করে বাড়লেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আশ্বস্ত করে জানিয়েছে এখনই পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধির রাস্তায় হাঁটছে না তারা। বরং আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দামের ওপর কড়া নজর রাখা হচ্ছে।
এখনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাপিয়ে গেছে। তা সত্ত্বেও তারা যে পেট্রোল, ডিজেলের দাম এখনই বাড়াচ্ছে না তা স্পষ্ট করেছে তেল সংস্থাগুলি।
প্রসঙ্গত ডিজেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে এসে পড়ত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। সবকিছুর দাম বৃদ্ধির সম্ভাবনা থাকত তুঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













