লাফিয়ে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
এক লাফে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে বাড়ল দাম। সিলিন্ডার প্রতি এতটা দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত।
মধ্যপ্রাচ্যে যে নিদারুণ পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে যে জ্বালানির দাম বাড়তে পারে তা আগেই আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞেরা। এমনকি সাধারণ মানুষও সেই একই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। এবার সেই আশঙ্কাই সত্যি হল। রান্নার গ্যাসের দাম লাফ দিয়ে বাড়ল।
ফলে প্রতিটি মানুষের হেঁশেলে চিন্তার ভ্রুকুটি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৬০ টাকা করে বৃদ্ধি করেছে। সাধারণ পরিবারে যে গ্যাস সিলিন্ডার ব্যাবহার হয় তার ওজন হয় ১৪.২ কেজি।
সেই গ্যাস সিলিন্ডারের দাম শনিবার থেকে ৯৩০ টাকা দিতে হবে। একইভাবে মুম্বইতে দাম বেড়ে নতুন দাম হয়েছে ৯১২ টাকা ৫০ পয়সা। দিল্লিতে সাধারণ মানুষকে বাড়ির গ্যাসের জন্য ৯১৩ টাকা খরচ করতে হবে। চেন্নাইতে দিতে হবে ৯২৮ টাকা ৫০ পয়সা।
মধ্যপ্রাচ্যে অচলাবস্থার জেরে কেবল পারিবারিক রান্নার গ্যাসের সিলিন্ডারই নয়, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও বেড়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু বেড়েছে ১১৫ টাকা। ফলে যেসব খাবার দোকান রয়েছে সেখানে খেতে গেলে খরচ বাড়তে পারে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম গিয়ে ঠেকেছে ১৯৯০ টাকায়।
মধ্যপ্রাচ্যের অস্থির অবস্থার সরাসরি আঁচ এবার ভারতের সাধারণ মানুষের গায়ে লাগতে শুরু করল। অনেকেই আশঙ্কা করছেন পেট্রোল, ডিজেলের দামেও এর প্রভাব পড়তে পারে।
আর তা পড়লে প্রতিটি জিনিসের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। পরিবহণ খরচ বাড়লে, কাঁচা আনাজ থেকে মাছ, ডিম, দুধ, মশলা, ভোজ্য তেল সবকিছুর খরচই বাড়তে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













