ট্রেনেই তীর্থ ভ্রমণের সুবিধা, ১১ দিনের সফরে পৌঁছবে কলকাতাতেও

ট্রেনে চেপে দেশের অন্যতম তীর্থক্ষেত্রে ভ্রমণ। চালু হচ্ছে এই সুবিধা। ১১ দিনের সফরে অন্য নানা তীর্থক্ষেত্রের সঙ্গে ট্রেন পৌঁছবে কলকাতাতেও।

ভারতীয় রেলের ধুবুলিয়া স্টেশন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

একসঙ্গে বিভিন্ন প্রান্তের তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়া সহজ নয়। ১১ দিনের ব্যবধানে তা তো সম্ভবই নয়। তবে সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে রেল। ভারত গৌরব ডিলাক্স ট্রেনে এই বিশেষ সফরের ব্যবস্থা করেছে আইআরসিটিসি। এই ১১ দিনের সফরের নাম দেওয়া হয়েছে ডিভাইন ইস্ট টেম্পল ট্যুর।

দিল্লি থেকে এই যাত্রার সূত্রপাত হবে। তারপর সেই ট্রেন পুণ্যার্থী যাত্রীদের নিয়ে পৌঁছে যাবে একের পর এক দেশের অন্যতম সব তীর্থক্ষেত্রে।

দিল্লি থেকে ট্রেনটি বারাণসী, পুরী, কোণার্ক, চিলকা হ্রদ, ভুবনেশ্বর হয়ে পৌঁছে যাবে কলকাতায়। কলকাতা থেকে গঙ্গাসাগর। তারপর সেখান থেকে এই ট্রেন পৌঁছে যাবে দেওঘরে বৈদ্যনাথ ধামে।

সেখান থেকে ফের ট্রেনটি দিল্লি ফিরে যাবে। যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। এই পুরো যাত্রায় সময় লাগবে ১১ দিন। সফর আগামী সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা। ‘নিউজ অন এয়ার’-এ এই খবরটি প্রকাশিত হয়েছে।

এই ১১ দিনের সফরে ৫ দিন রাতে ট্রেনেই সফর করতে হবে। বাকি ৫ রাত যাত্রীরা ৩টি শহরের হোটেলে থাকবেন। পুরী ও কলকাতায় ২ রাত করে হোটেলে এবং বারাণসীতে ১ রাত হোটেলে থাকতে হবে।

সকালের চা থেকে রাতের ডিনার, সবই পাবেন যাত্রীরা। খাবার নিয়ে আলাদা করে তাঁদের ভাবার দরকার পড়বে না। খাবার হবে নিরামিষ। বিভিন্ন শহরে ঘোরার জন্য এসি বাস থাকবে।