ভারত গৌরব ট্রেন এবার নতুন এক সফর শুরু করতে চলেছে। যা দেশের সীমানা পার করে পাড়ি দেবে অন্য দেশে। দেশের সীমানা পার করে এই প্রথম কোনও ভারত গৌরব ট্রেন বিদেশে পাড়ি দিতে চলেছে। এ এক নতুন ইতিহাস রচনা করছে।
আগামী ১২ জুন এই যাত্রা শুরু হবে মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে। তবে সব যাত্রীকে যে ইন্দোর থেকেই ট্রেনে উঠতে হবে এমনটা নয়। তাঁরা উজ্জয়িনী, সুজলপুর, সেহোর, রানি কমলাপতি, ইতারসি, নরসিংহপুর, জব্বলপুর, কাটনি এবং সাতনা স্টেশন থেকেও ট্রেনে উঠতে পারবেন।
ট্রেনটি ইন্দোর থেকে যাত্রা শুরু করে পৌঁছবে নেপালে। সেখানে কাঠমান্ডু শহরে পশুপতিনাথ মন্দির দর্শন ছাড়াও এই ৯ রাত ১০ দিনের সফরে থাকবে পোখরা, চিতওয়ান জাতীয় উদ্যান এবং মনোকামনা মন্দির দর্শন।
ভারত গৌরব ট্রেনে এই স্থানগুলিতে পৌঁছনোর পর আইআরসিটিসি পর্যটক পুণ্যার্থীদের রোপওয়েতে মনোকামনা মন্দিরে ঘোরাবে। এছাড়া চিতওয়ান জাতীয় উদ্যানে থাকবে জিপ সাফারির ব্যবস্থা।
১৪ কামরার এই সুদর্শন ভারত গৌরব ট্রেনটিতে থাকছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি কামরার সুবিধা। ট্রেনের ২টি কামরা কেবল রেস্তোরাঁ হিসাবে ব্যবহার হবে।
যাত্রীরা সকলে ট্রেনেই তাঁদের খাওয়াদাওয়া করবেন। নেপালে থাকাকালীন সফরের ৫ দিন যাত্রীদের একটি ৩ তারা হোটেলে থাকার ব্যবস্থা থাকছে। এসি বাসে করে হবে আশপাশে ঘুরে দেখা।
সম্পূর্ণ সফরের জন্য ট্রেনের ফার্স্ট এসি-তে মাথাপিছু ভাড়া পড়বে ৯০ হাজার ৪০০ টাকা, সেকেন্ড এসি-তে মাথাপিছু ভাড়া পড়বে ৭৬ হাজার ৫৫০ টাকা। থার্ড এসি-তে মাথা পিছু ভাড়া পড়বে ৬২ হাজার ৭১০ টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা