National

টিকিট বাতিলের ক্ষেত্রে অভিনব পদক্ষেপের পথে হাঁটল রেল

ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনল ভারতীয় রেল। কালোবাজারি রুখতে এই পথ বেছে নিল তারা। ১৫ দিনের মধ্যে ধাপে ধাপে পরিবর্তিত নিয়ম লাগু হবে।

ট্রেনের টিকিট কাটার পর অনেক সময় যুক্তিসঙ্গত কারণে কাউকে তা বাতিল করতে হতে পারে। হয়ও তেমনটা। পাশাপাশি অনেক ক্ষেত্রে দালাল চক্রও টিকিট কেটে রেখে শেষ মুহুর্তে ছেড়ে দেয়। একটি সঠিক সময়ের মধ্যে ছেড়ে দিয়ে ভাল টাকা ফেরত পেয়ে যায় তারা।

এই সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারি চলে বলে অভিযোগ। এই কালোবাজারি রুখতে এবার নতুন পথে হাঁটল রেল। ট্রেনের টিকিট বাতিলের নিয়মে পরিবর্তন এনে ট্রেনের টিকিট নিয়ে অসাধু ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিল তারা।

ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে যে নতুন নিয়ম তৈরি হয়েছে তা ১ এপ্রিল থেকে লাগু হচ্ছে। যা ধাপে ধাপে লাগু হবে ১৫ এপ্রিল পর্যন্ত। নতুন নিয়মে কোনও যাত্রী যদি ট্রেনের যাত্রা শুরুর ৭২ ঘণ্টার আগে টিকিট বাতিল করেন তাহলে তিনি সর্বোচ্চ টাকা ফেরত পেয়ে যাবেন। কেবল বাতিলের চার্জ কেটে তাঁকে পুরো টাকাই ফেরত দিয়ে দেবে রেল।

যদি কোনও যাত্রী যাত্রা শুরুর ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা আগের মধ্যে টিকিট বাতিল করেন তাহলে তাঁর টিকিটের মূল্যের ২৫ শতাংশ কেটে রেল তাঁকে ফেরত দেবে। শর্ত হল মিনিমাম চার্জ কাটা হবে।

এবার যদি কোনও যাত্রী ট্রেনের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা আগের মধ্যে টিকিট বাতিল করেন তাহলে তাঁর ৫০ শতাংশ টিকিট মূল্য কেটে নেবে রেল। কিন্তু যদি কোনও যাত্রী ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা বা তার চেয়ে কম সময়ের ব্যবধানে টিকিট বাতিল করেন তাহলে তিনি ১ টাকাও রেলের কাছ থেকে ফেরত পাবেন না।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দালালরা বাড়তি ট্রেনের টিকিট কেটে রাখেন। এরপর যে টিকিট তাঁরা বিক্রি করতে পারেননা তা ট্রেন ছাড়ার আগে বাতিল করে ভাল টাকা ফেরতও পেয়ে যান।

এই কালোবাজারি বন্ধ করতে এই নতুন নিয়ম চালু করা হল। ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি রুখতেই যে এই নয়া নিয়ম তা পরিস্কার করে দিয়েছেন রেলমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *