সুড়ঙ্গ বানিয়ে রেলহীন রাজ্যে রেল যোগাযোগের রাস্তা তৈরি হল, বড় সাফল্য ভারতীয় রেলের
ভারতে এখনও একটি রাজ্য রয়েছে যেখানে ট্রেনে চেপে পৌঁছনোর উপায় নেই। ভারতীয় রেল মানচিত্রের সঙ্গে সে রাজ্যকে জুড়ে দিতে সুড়ঙ্গ তৈরিতে বড় সাফল্য পেল ভারতীয় রেল।
সিকিম এমন এক রাজ্য যেখানে ট্রেনে চেপে পৌঁছনোর উপায় নেই। পৌঁছতে গেলে ভরসা সড়কপথ। সিকিমের দুর্গম ভূখণ্ডের জন্য সেখানে রেল যোগাযোগ এখনও অধরাই রয়েছে গেছে।
তবে এবার সেখানে রেল যোগাযোগের পথ খুলছে ভারতীয় রেল। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল এই অংশে রেল যোগাযোগের রাস্তা তৈরি করছে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে।
কিন্তু অতি দুর্গম পথ ছাড়া সিকিমে রেল যোগাযোগ সম্ভব নয়। তাই এই রুটে ট্রেন চলাচলের জন্য ১৪টি সুড়ঙ্গ তৈরি করতে হচ্ছে। সেই সুড়ঙ্গ দিয়ে রংপো পৌঁছতে হবে সেবক থেকে। ফেরার সময়ও ওই সুড়ঙ্গ পথেই ফেরা।
এই ১৪টির মধ্যে ১৩টি তৈরি হয়ে গেছে। এই সুড়ঙ্গগুলির মধ্যে কয়েকটি তৈরি করা নেহাত সহজ কাজ ছিলনা। যার মধ্যে রয়েছে ৮ নম্বর সুড়ঙ্গটি। যা ৪.১৪৮ কিলোমিটার লম্বা।
এই সুড়ঙ্গ তৈরি করাটাই ছিল একটা চ্যালেঞ্জ। একে এখানে যে পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করতে হয়েছে সে পাথর খুবই দুর্বল চরিত্রের, জরাজীর্ণ এবং তাতে প্রচুর ফাটল আগে থেকেই ছিল। এমন পাথর কেটে সুড়ঙ্গ তৈরি বড় সহজ কাজ ছিলনা। অবশেষে সেই কঠিনতম কাজটি সম্পূর্ণ হল।
রংপো থেকে সেবক পর্যন্ত এই রেল রুট তৈরি করাকে কৌশলী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সেখানে এই ৮ নম্বর টানেল বা সুড়ঙ্গটি তৈরি করে রেললাইন পাতা সম্পূর্ণ করে কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন ইঞ্জিনিয়াররা।
বড় সাফল্য পেল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই সুড়ঙ্গ তৈরি হওয়ার পর সিকিমের ভারতের রেল মানচিত্রে জুড়ে যাওয়া আর কিছুটা সময়ের অপেক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













