National

ছুটির মেয়াদ বৃদ্ধি করাতে রেল আধিকারিককে প্যান্ট খুলে ক্ষত দেখালেন ট্রেন চালক

রীতিমত শোরগোল ফেলে দেওয়া ঘটনা। অপারেশনের পর ক্ষত শুকোনোর জন্য আরও কয়েকটা অতিরিক্ত দিন ছুটি চাইতে গিয়ে প্রমাণ হিসাবে প্যান্ট খুলে দেখালেন লোকো পাইলট।

তাঁর পাইলস বা অর্শের অপারেশন হয়েছে। সেজন্য ছুটি পেয়েছিলেন। কিন্তু ক্ষত না শুকোনোয় তিনি আরও কয়েকটা দিন বেশি ছুটি চাইছিলেন। ছুটির মেয়াদ বৃদ্ধি করতে চাইছিলেন। কিন্তু তা দিতে নারাজ ছিলেন রেল আধিকারিকরা। বরং দ্রুত তাঁকে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, ছুটির মেয়াদ বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় সরকারি কাগজ দরকার তা দিতে অস্বীকার করেন রেল আধিকারিকরা। অগত্যা প্রায় মরিয়া হয়ে তাঁর যাবতীয় প্রেসক্রিপশন, অপারেশনের কাগজ, ওষুধপত্র নিয়ে উত্তর রেলের এক আধিকারিকের সঙ্গে তাঁর দফতরে গিয়ে দেখা করেন ওই লোকো পাইলট।

তাঁর দাবি, তাঁর কাছে বারবার প্রমাণ দেখতে চাওয়া হয়। কার্যত মরিয়া হয়ে অবশেষে ওই আধিকারিকের সামনে অফিস ঘরেই প্যান্ট খুলে ফেলেন মধ্যবয়সী ওই লোকো পাইলট। প্রমাণ হিসাবে দেখানোর চেষ্টা করেন অপারেশনের পর তাঁর ক্ষতের অবস্থা। যে ছবি কেউ তুলে নেন।

লখনউ ডিভিশনের লখনউ চারবাগ রেলওয়ে স্টেশনে ওই লোকো পাইলট কর্মরত। এদিকে বিষয়টিতে লোকো পাইলট ইউনিয়ন হস্তক্ষেপ করে তাঁর ছুটি মঞ্জুর করিয়ে দেয়। কিন্তু আধিকারিকের সামনে প্যান্ট খোলার ছবি ছড়িয়ে পড়ায় তিনি সমস্যায় পড়েন।

ওই আধিকারিক বিষয়টি নিয়ে অভিযোগ করেন। এই কাজের জন্য ওই লোকো পাইলটকে ১ দিনের জন্য সাসপেন্ডও করা হয়। গত ৩ মার্চ সাসপেন্ড করা হয় তাঁকে। ৪ মার্চ তাঁর ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *