World

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে। গ্রিসের আকাশ লাল হলেও কারণটা কিন্তু অন্য মহাদেশ।

ইউরোপের অন্যতম দেশ গ্রিস। অতি প্রাচীন ইতিহাস ও সভ্যতা জড়িয়ে আছে গ্রিসের সঙ্গে। সেই গ্রিসের একটি অতি গুরুত্বপূর্ণ দ্বীপ ক্রিট। ক্রিট গ্রিসের সবচেয়ে বড় দ্বীপও যা পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত।

এই দ্বীপের আকাশ আচমকা টকটকে লাল হয়ে গেল। আকাশ লাল হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দ্বীপটাই লাল রংয়ে ভরে যায়। এমন লাল কে কবে দেখেছেন? স্থানীয়রাও হতবাক হয়ে যান।

শুধু আকাশ এমন টকটকে লাল হয়ে যাওয়াই নয়, তার সঙ্গে সেখানে বইতে থাকে প্রবল ঝড়। ঝড়ে গাছ উল্টে পড়তে থাকে। অনেক কিছু উড়ে যায়।

ঝড়ের সঙ্গে সমুদ্রও উত্তাল হয়। অনেক জায়গায় জলস্ফীতি দেখতে পাওয়া যায়। যার জেরে কিছু জায়গায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়। অনেক বাড়িতে জল ঢুকে যায়।

ঝড়বৃষ্টিতে এমনটা বিশ্বের বিভিন্ন প্রান্তেই দেখতে পাওয়া যায়। এটা নতুন নয়। কিন্তু যেটা গ্রিসের সীমা পার করে গোটা ইউরোপকে অবাক করে দেয় সেটা হল ক্রিটের আকাশের লাল রং।

বিশেষজ্ঞেরা জানান, এই লাল আকাশের কারণ ইউরোপ নয়, বরং আফ্রিকা। আফ্রিকার সাহারা মরুভূমি এর জন্য দায়ী। সাহারা থেকে প্রবল ধুলো ঝড় সাগর পার করে পৌঁছয় ক্রিট দ্বীপে। সাহারার এই ধুলো ঝড় আকাশকে লাল রংয়ে ভরিয়ে দেয়।

এ এক অতি অস্বাভাবিক দৃশ্য। যা স্থানীয় মানুষকে আতঙ্কিত করে তোলে। তবে সকলে যে বাড়িতে আশ্রয় নেন তা নয়। এই রক্ত লাল আকাশের চোখরাঙানি, ঝড় সব উপেক্ষা করেও অনেকেই রাস্তায় বার হন। কেবল ধুলো ঝড় থেকে বাঁচতে মুখ কাপড় দিয়ে ঢেকে নেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *