SciTech

পৃথিবীর ২টি মেরু, কিন্তু একটি তৃতীয় মেরুও রয়েছে, যার অনেকটাই ভারতে

পৃথিবীর ২ প্রান্তে ২টি মেরু, সুমেরু এবং কুমেরু। কিন্তু এছাড়াও পৃথিবীতে আরও একটি মেরু রয়েছে। যার একটা অংশ ভারতের মধ্যে রয়েছে।

মেরু বললেই পৃথিবীর ২ প্রান্তের বরফের মোটা চাদরে ঢাকা অংশ চোখের সামনে ভেসে ওঠে। একদম উত্তর প্রান্তে রয়েছে সুমেরু বা আর্কটিক। আর একদম দক্ষিণে রয়েছে কুমেরু বা অ্যান্টার্কটিকা।

সাধারণভাবে পৃথিবীর এই ২টি মেরু অঞ্চল রয়েছে। যেখানে প্রবল ঠান্ডা। পুরোটাই বরফে ঢাকা। মানুষের বসবাসের অনুপযুক্ত। কিন্তু পৃথিবীতে আরও একটি মেরু অঞ্চল রয়েছে। বিজ্ঞানীরা একে তৃতীয় মেরু বলে থাকেন। হিন্দুকুশ হিমালয়কে বলা হয় সেই তৃতীয় মেরু।

হিমালয় সুবিশাল পর্বতে ভরা। যেখানে প্রচুর বরফ রয়েছে। তা যেমন পাহাড়ের গায়ে লেপ্টে থাকে, তেমনই থাকে হিমবাহের আকারে। এই বরফ থেকে প্রচুর নদী জন্ম নিয়েছে। যার মধ্যে সিন্ধু, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রের নাম এসেই পড়ে।

এছাড়াও বহু নদী হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট হয়ে সমতলে নেমে বয়ে যায়। যার জলে কোটি কোটি মানুষের জীবন চলে। পানীয় জল থেকে জলসেচ সবই হচ্ছে এই সব নদীর জলে।

এই নদীগুলি বহু জনবসতির জন্ম দিয়েছে। তাদের বছরের পর বছর ধরে লালনপালন করে চলেছে। প্রায় ২০০ কোটির কাছে মানুষ কোনও না কোনওভাবে হিমালয়ের বরফ গলা জলের দ্বারা উপকৃত।

হিমালয়ের এই পুরু বরফে ঢাকা পাহাড়সারি এবং অগুন্তি হিমবাহ হিন্দুকুশ হিমালয়কে বিশ্বের তৃতীয় মেরুর তকমা দিয়েছে। যার একটা অংশ ভারতের ভূখণ্ডে ঢুকে রয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *