এই প্রথম এমন ঘটল, রোবটকে রাস্তা থেকে ধরে নিয়ে গেল পুলিশ
এতদিন মানুষ জেনে এসেছে পুলিশ মানুষকে পাকড়াও করে। সে কোনও অন্যায় করলে। এবার অন্যায় করল একটি রোবট। দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে গেল পুলিশ।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। নজর ছিল তাঁর মোবাইলের দিকে। হাঁটতে হাঁটতে তাঁর মনে হয় কেউ তাঁর পিছু নিয়েছে। বিষয়টা সম্বন্ধে প্রায় নিশ্চিত হওয়ার পর তিনি হাঁটা থামিয়ে ঘুরে তাকান। দেখার চেষ্টা করেন কে তাঁর পিছু ধাওয়া করছে।
কিন্তু পিছন ঘুরে আঁতকে ওঠেন তিনি। দেখেন কেউ তাঁর একদম সামনে ২ হাত তুলে দাঁড়িয়ে। আচমকা এমনটা দেখে চমকে যান তিনি। ভয়ও পেয়ে যান।
ভাল করে দেখতে দেখেন কোনও মানুষ নয়, কোনও প্রাণিও নয়, ওটা একটা রোবট। ৪ ফুট ৪ ইঞ্চির রোবটটির মানুষের মতই হাত পা রয়েছে। তবে ধাতব রডের দেহ। এটা দেখে রীতিমত আতঙ্কিত হয়ে যান ওই মহিলা।
চিনের ম্যাকাওতে ঘটা এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২ পুলিশকর্মী বিষয়টি দেখে এগিয়ে এসে ওই মহিলাকে ভয় দেখানোর অভিযোগে রোবটটিকে আটক করে নিয়ে যান।
রোবটটি এক মধ্যবয়সী ব্যক্তি চালনা করছিলেন। তিনি ওই রোবটটিকে রাস্তায় বার করে পরীক্ষার কাজ করছিলেন। তখনই এই ঘটনা ঘটে যায়। এই প্রথম কোনও রোবটকে পাকড়াও করল পুলিশ।
এদিকে ওই মহিলা এতটাই ভয় পেয়ে যান যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। খবরটি নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।













