গাড়ির লুকোনো দরজায় নিষেধাজ্ঞা, এই প্রথম কোনও দেশ নিল এমন পদক্ষেপ
গাড়িতে আর লুকোনো দরজা রাখা যাবেনা। তবে তার জন্য একটা বড় সময় দেওয়া হয়েছে। তারপর থেকে লাগু হবে নিষেধাজ্ঞা। এই প্রথম এমন পদক্ষেপ করল একটি দেশ।

গাড়ির নিত্যনতুন মডেল সামনে আসছে। এটা অনেক বছর আগে থেকেই চলে আসছে। এখন আবার ইভি বা ইলেকট্রিক ভেহিকলের জমানা। যা দূষণ নিয়ন্ত্রণে সহায়ক। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক দিক থেকেও বাঁচায়। সেদিক থেকে ইভি আগামী পৃথিবীর জন্য উপকারি।
সেই ইভি গাড়িকে নতুনত্ব দিয়েছিল ইলন মাস্কের সংস্থা টেসলা। টেসলা সংস্থা এমন ইভি গাড়ি তৈরি করে যার দরজা পরিচিত দরজার মত নয়। বরং তা এককথায় লুকোনো থাকে। গাড়ির দরজা হয় মোবাইল বা যন্ত্রের সাহায্যে খুলতে হবে অথবা হাত ছুঁইয়ে।
গাড়ির বাকি অংশের মতই মিশে থাকবে দরজা। যা আলাদা করে দরজা বলে বোঝা কঠিন। এমন গাড়ি পরে চিনের ঝাওমি সংস্থাও তৈরি করে। কিন্তু এই লুকোনো দরজা নিয়ে পরে প্রশ্ন উঠতে শুরু করে। দেখতে আধুনিক এবং নতুনত্বে ভরা হলেও তা যাত্রীদের সুরক্ষার জন্য খুব একটা ইতিবাচক নয় বলেই জানান বিশেষজ্ঞেরা।
বিষয়টি আরও চিন্তার হয় যখন ইভি গাড়িতে বিদ্যুৎ বিভ্রাটে দরজা খুলতে অক্ষম হন ভিতরে থাকা যাত্রীরা। এমন দরজা নিয়ে বারবার প্রশ্ন ওঠার পর এবার তাতে নিষেধাজ্ঞা জারির পথে হাঁটল চিন।
তাদের দেশের সংস্থাই এমন গাড়ি বানালেও তা ২০২৭-এর ১ জানুয়ারি থেকে সে দেশে ব্যান বা নিষেধ বলে জানিয়ে দিয়েছে চিন। বিশ্বে এই প্রথম কোনও দেশ এমন পদক্ষেপ করল।
এবার কি তাহলে অন্য দেশগুলিও গাড়ির লুকোনো দরজায় নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে চলেছে? এর উত্তর সময়ই দিতে পারবে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।













