একই শহরের ২টি বাসস্ট্যান্ড ভেঙে তছনছ করল রোবট
জিনিসপত্র সঠিক ঠিকানায় পৌঁছে দিতে অনেক শহর ক্রমশ রোবটকে ভরসা করতে শুরু করেছে। তবে তার ফল সবসময় সুখকর হচ্ছেনা।
মানুষের পরিশ্রম কমছে। জিনিসপত্র সঠিক ঠিকানায় পৌঁছে দিচ্ছে রোবট। এদের বলা হয় ডেলিভারি রোবট। ডেলিভারি বয় আর নয়, ডেলিভারি রোবটই সে কাজ করে দিচ্ছে। এখানে কর্মসংস্থানের প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়, বরং আধুনিক প্রযুক্তি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।
রোবট যখন কোনও ঠিকানায় পৌঁছতে পথে বার হচ্ছে তখন সে প্রধানত ফুটপাথ ধরেই এগিয়ে যাচ্ছে। এসব রোবট বিভিন্ন সংস্থা পরিচালনা করে। ফুটপাথ ধরে সে ঠিকই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু একই শহরে ২টি ডেলিভারি রোবট ২টি প্রান্তে বাসস্ট্যান্ড ভেঙে তছনছ করে দিল।
আমেরিকার শিকাগো শহরে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২টি আলাদা ডেলিভারি রোবট, ২টি ভিন্ন বাসস্ট্যান্ড তছনছ করে দিল। ২টি রোবটই জিনিস পৌঁছতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে বাসস্ট্যান্ডের কাচের দেওয়ালে। ২ ক্ষেত্রেই কাচ ভেঙে তছনছ হয়ে যায়। ছড়িয়ে পড়ে চারধারে।
সামনে যে কাচ রয়েছে তা রোবট ২টিই বুঝে উঠতে পারেনি। রোবট রাস্তায় বেরিয়ে একটি পথ অতিক্রম করছে। জিনিস ঠিকানায় পৌঁছে দিচ্ছে। এই আধুনিকতা কিন্তু কোথাও গিয়ে ক্ষতির কারণ হয়েছে। অন্য কোনও ক্ষতিও হতে পারত।
ডেলিভারি রোবট কি এখনও রাস্তায় একা বার হয়ে কাজ সম্পূর্ণ করার অবস্থায় আছে, এ প্রশ্ন কিন্তু শিকাগোর এই ২টি ঘটনা তুলে দিল। আগামী দিনে বিভিন্ন শহরে এই রোবট ডেলিভারি আদৌ নিশ্চিন্তে তার কাজ করতে সক্ষম কিনা সেটাও প্রশ্নের মুখে পড়ল।













