বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ দ্রুত হাজির হয়। কিন্তু এসে রেগে আগুন পুলিশ আধিকারিকরা।
কেউ একজন বাড়িতে ঢুকে পড়েছে। ঘরে না ঢুকলেও সে ঘরের বাইরে একটি দেওয়ালের গায়ে ঠেসান দিয়ে বসে আছে। শুধু বসেই নেই। সে সেখানে বসে মদ্যপানও করছে। পুলিশের কাছে একটি বাড়ি থেকে ফোন করে এমনই জানানো হয়।
সাধারণ গৃহস্থের বাড়িতে এভাবে অচেনা কেউ ঢুকে পড়ে মদ্যপান করতে শুরু করলে ভয় তো পাওয়ারই কথা। সে কি করতে পারে তাও বোঝা যাচ্ছেনা।
খবরটা পেয়ে পুলিশও তাই আর সময় নষ্ট করেনি। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পাকড়াও করতে এবং গৃহস্থের যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করতে দ্রুত সেই ঠিকানায় হাজির হয় পুলিশ।
কোথায় রয়েছে ওই ব্যক্তি? সেটা জানতে চেয়ে পুলিশ বাড়ির সেই অংশে পৌঁছয়। সেখানে কেউ একজন বসে আছে। তার সামনে রয়েছে মদের বোতলও।
পুলিশ একটু এগিয়ে যায়। কিন্তু কাছে পৌঁছে যা দেখে তাতে রেগে আগুন হয়ে যান আধিকারিকরা। দেখা যায় কোনও রক্তমাংসের মানুষ নয়, একটি ম্যানিকিন। যার গায়ে পোশাক পরিয়ে দেওয়ালে ঠেসান দিয়ে বসিয়ে রাখা হয়েছিল।
পুলিশের মনে পড়ে যায় দিনটা ১ এপ্রিল। এপ্রিল ফুল এভাবে করাটা মেনে নিতে পারেনি পুলিশ। বাড়ির সকলকে পরিস্কার করে জানিয়ে দেয় পুলিশকে এভাবে ডাকাটা কোনও মজা নয়। এটা মজার বিষয়ও নয়।
এপ্রিল ফুল করতে গিয়ে তাঁদের যে এমনটা করা উচিত হয়নি সেটাও পরিস্কার করে জানিয়ে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার লাগুনা বিচ-এ।













