৭০ সেকেন্ডে গয়নার দোকান ফাঁকা করে চম্পট, গায়েব ১৬ কোটি টাকার গয়না
পরিকল্পনা তো রয়েছেই। তার সঙ্গে এত কম সময়ে যে একটা সোনার দোকান ফাঁকা করে পালিয়ে যাওয়া সম্ভব তা দেখে হতবাক গোটা বিশ্ব।
ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের পারিবারিক গয়নার দোকান। অনেকদিন ধরেই এই দোকান বেশ পরিচিত। নাম কুমার জুয়েলার্স। বড় দোকান। সাজানো গয়নার সম্ভার নজর কেড়ে নেয়। সেখানে যে ঘটনা ঘটেছে তা রীতিমত চমকে দিয়েছে সকলকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে ছবি প্রকাশ করেছে তাতে ওই গয়নার দোকানে হওয়া চুরি দেখতে পাওয়া গেছে। যেখানে দেখা গেছে বেশ কয়েকজনের একটি দল ওই দোকানে ঢোকে।
তারপর এতটুকু সময় নষ্ট না করে একদম পেশাদার পরিকল্পনায় দ্রুততার সঙ্গে গয়নার তাক ফাঁকা করতে থাকে। এত দ্রুত করতে থাকে যে সেটা দেখে সকলেই অবাক।
এতটাই দ্রুত তারা দোকানটির প্রায় ৮০ শতাংশ গয়না নিজেদের সঙ্গে থাকা ব্যাগে ভরে ফেলে যে সেটাও তাক লাগিয়ে দিয়েছে। মাত্র ৭০ সেকেন্ডে পুরা কাজটি সেরে ফেলে তারা।
তারপর দৌড়ে বেরিয়ে একাধিক গাড়িতে চেপে পালিয়ে যায়। মাত্র ১ মিনিট ১০ সেকেন্ডে একটা গয়নার দোকান যে এভাবে ফাঁকা করে দেওয়া যায় সেটাই বিশ্বাস হচ্ছেনা অনেকের।
ঘটনাটি ঘটেছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে। ঘটনাটি ২০২৫ সালের জুন মাসে ঘটেছিল। এখন সেই ছবি প্রকাশ্যে এসেছে। আনুমানিক প্রায় ১৬ কোটি টাকার গয়না নিয়ে চম্পট দেয় ওই গ্যাং। ছবিতে অনেক জনকেই মুখে মাস্ক পরে এই চুরি করতে দেখা গেলেও এখনও ৪ জনকে পাকড়াও করেছে পুলিশ। তাদের বিচার পর্ব চলছে।













