ফেব্রুয়ারিতে ঘোড়ার লেজে যেন আগুন লাগে, ঝর্নার জল নয়, চোখ বলে কমলা লাভা ঝরছে
এ শুধু ফেব্রুয়ারি মাসের জন্য তোলা থাকে প্রতিবছর। প্রকৃতি শুধু বছরের এই সময়টুকুকেই বেছে নিয়েছে মানুষকে অবিশ্বাস্য কিছু দেখানোর জন্য।
সারা বছরই এ ঝর্নার জল ঝরে পড়ে পাহাড়ের গা বেয়ে। সারা বছর সে ঝর্না উপভোগও করেন মানুষ। অন্যান্য ঝর্নার সঙ্গে তার তেমন কোনও ফারাক থাকেনা। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এখানে সব বদলে যায়।
হর্সটেল ফলস বা ঘোড়ার লেজ ঝর্না একদম অন্য রূপ ধারণ করে। জল আর যেন জল থাকেনা। ঝরে পড়ে আগুন। সত্যিই আগুন নয়। তবে যে কেউ দেখলে সেটাই বলবেন। আগুন ঝরছে!
হলুদ এবং কমলার মিশ্রণে অনেকসময় মনে হয় লাভা গলে ঝর্না হয়ে যেন ঝরে পড়ছে। সে এক আশ্চর্য রূপ। যা বছরের সামান্য কয়েকটা দিন দেখা যায় ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি জাতীয় উদ্যানের এই হর্সটেল ওয়াটার ফলসে। প্রকৃতি এই ঝর্নাকে এই কটা দিনের জন্য একদম অন্যরূপে সাজিয়ে তোলে।
আগুন ঝরা ঝর্না দেখতে বছরের এই সময় এখানে তাই বহু পর্যটক ভিড় জমান। আকাশ পরিস্কার থাকলে এই লাভা ঝরা ঝর্না উপভোগ করার সুযোগ পান তাঁরা। আর যিনি একবার এর সামনে দাঁড়িয়ে পড়েন তিনি এই ভুবন ভোলা রূপে বিমোহিত হয়ে যান।
ভুলে যান ঘড়ির কাঁটা ঘোরার কথা। যতই দেখুন না কেন, মনে হয় আরও কিছুক্ষণ দেখলে হয়। সময় যেন থমকে দাঁড়ায় এই সৌন্দর্যের সামনে। শর্ত একটাই, সামান্য মেঘের আস্তরণ বা কুয়াশা থাকা চলবে না। তাহলে আর এই দৃশ্য এমন সুন্দরভাবে দেখতে পাওয়া যাবেনা।













