Business

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর দাম বাড়তে পারে কন্ডোমের।

শোওয়ার ঘরের প্রয়োজনের চেয়ে রান্নাঘরের প্রয়োজন এগিয়ে থাকাই স্বাভাবিক। সেই রান্নাঘরের অন্যতম প্রয়োজন রান্নার গ্যাসের দাম বেড়েছে ভারতে। যোগান নিয়েও চিন্তা রয়েছে দেশবাসীর। যার কারণ পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি।

এবার সেই অশান্ত পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতের কন্ডোমের বাজারেও। রান্নার গ্যাসের মত অবশ্য প্রয়োজনীয় হয়তো নয়, তবে কন্ডোমের দাম বৃদ্ধির অশনিসংকেত দেখছে উৎপাদক সংস্থাগুলি।

ভারতে যে কন্ডোমের বাজার রয়েছে সেই কন্ডোম তৈরি করতে যে কাঁচামাল লাগে তা হরমুজ প্রণালী দিয়ে জাহাজের স্বাভাবিক যাতায়াত না থাকায় ক্রমশ মুশকিলে পড়ছে।

কন্ডোমের লুব্রিকেশন বা পিচ্ছিলকরণের জন্য ব্যবহার হয় সিলিকন অয়েল। এটি বাইরে থেকে আসা ধাক্কা খেয়েছে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ যাতায়াত থমকে থাকায়।

তাছাড়া কন্ডোম যাতে ছিঁড়ে না যায় সেজন্য যে কাঁচামালের প্রয়োজন হয় সেটার যোগানেও ঘাটতি তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফল একটাই। উৎপাদন কম। ফলে যোগান কম। আর বাজারে যোগান কম মানেই দাম বৃদ্ধি। ফলে কন্ডোমের দাম ভারতের বাজারে বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

ভারতে সারাবছরে প্রায় ৪০০ কোটি কন্ডোম উৎপাদন হয়। ৮ হাজার কোটির বাজার। যা বড় ধাক্কার মুখে পড়তে চলেছে। প্রসঙ্গত এইচএলএল লাইফকেয়ার লিমিটেড, কিউপিড লিমিটেড এবং ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড ভারতে কন্ডোম উৎপাদনে সবচেয়ে এগিয়ে রয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *