Business

বদলে যেতে পারে পছন্দের রেস্তোরাঁর মেনু, ভিজিয়ে রাখতে বলা হল চাল, ডাল

রেস্তোরাঁয় এবার পছন্দের খাবার নাও পেতে পারেন গ্রাহকরা। রেস্তোরাঁয় মেনুতে বদল আসতে চলেছে। রেস্তোরাঁগুলিকে এমন পরামর্শই দেওয়া হয়েছে।

সব রেস্তোরাঁকেই তাদের চিরাচরিত মেনুতে বদল আনতে পরামর্শ দিল ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেশের সব রেস্তোরাঁকে বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে। যেসব রান্নার জন্য অনেক গ্যাস পোড়ে তেমন রান্না আপাতত মেনু থেকে সরিয়ে দেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে।

বরং এমন রান্নায় জোর দিতে বলা হয়েছে যাতে গ্যাস কম পুড়বে বা অন্য কোনও উপায়ে সেই রান্না দ্রুত করা যাবে। এমনকি রেস্তোরাঁগুলিকে এবার থেকে রান্না দ্রুত করার জন্য প্রেশারকুকারে যতটা পারা যায় রেঁধে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

এমনও জানানো হয়েছে যাতে তাড়াতাড়ি রেঁধে ফেলা যায়, সিদ্ধ হতে কম সময় লাগে সেজন্য চাল বা ডাল আগে থেকে ভিজিয়ে রাখা দরকার। অনেক পরিবারে হেঁশেলে যে উপায়গুলি জ্বালানি বাঁচাতে অনেক দিন ধরে চলে আসছে সেসব এবার রেস্তোরাঁগুলিকেও গ্রহণ করতে বলা হয়েছে। যাতে দিনের শেষে গ্যাস বাঁচে। এমনকি যে রান্না গ্যাস নয়, ইলেকট্রিক চালিত যন্ত্র দিয়ে করা সম্ভব, সেসব রান্নায় জোর দিতে বলা বলেছে রেস্তোরাঁগুলিকে।

পশ্চিম এশিয়া জুড়ে যা পরিস্থিতি, যেভাবে সেখানকার পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে, আর তাকে সামনে রেখে যেভাবে এলপিজি নিয়ে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে, তাতে দেশজুড়ে রেস্তোরাঁ ব্যবসা বাঁচাতে এই পরামর্শই দিয়েছে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এনআরএই।

প্রসঙ্গত রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। তার সরবরাহে কিছুটা হলেও নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এই অবস্থায় রেস্তোরাঁগুলিকে গ্যাস বাঁচিয়েই রেস্তোরাঁ ব্যবসা বাঁচানোর পথ খুঁজে নিতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *