World

অফিসের বসের বলা আলু ২৯ লক্ষ টাকা পাইয়ে দিল এক মহিলাকে

অফিসের বসের বলা আলু তাঁকে পাইয়ে দিল ২৯ লক্ষ টাকা। তাঁর সব কষ্টে প্রলেপ দিতে পারল কি এই বিপুল অঙ্ক, সেটা অবশ্য অজানাই রয়ে গেল।

একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম। সেখানেই বুক কিপিংয়ের জন্য এক মহিলা যোগ দেন। চাকরি করা শুরু করেন মাস ৬ আগে থেকে। চাকরিতে যোগ দেওয়ার পর কাজে এতটুকু ভুল ত্রুটি হলে সকলের সামনেই তাঁকে তাঁর বসের নানা কথা শুনতে হচ্ছিল।

অভিযোগ ওই মহিলাকে প্রায়ই পটেটো বা আলু বলে বিদ্রূপ করতেন অফিসের বস। এছাড়াও কিছু শব্দ তাঁকে অপমান করার জন্য ব্যবহার করতেন তিনি। যা ওই মহিলাকে মানসিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত করে তোলে।

মহিলা ভেঙে পড়তে থাকেন। অফিস যাওয়ার হলে তাঁর খারাপ লাগতে শুরু করে। কিন্তু বসের বিদ্রূপ থামেনি। অগত্যা সহ্যের সীমা ছাড়ানোর পর ওই মহিলা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

ট্রাইব্যুনাল পুরো অভিযোগ খতিয়ে দেখে অফিসের বস মাইক অ্যাটকিন্সের বলা পটেটো সহ অন্য শব্দগুলিকে অত্যন্ত প্রতিকূল, আক্রমণাত্মক এবং অপমানজনক বলে ব্যাখ্যা করে। এসব যে ওই মহিলার জন্যই ব্যবহার করা হত সে বিষয়েও নিশ্চিত হয় তারা।

এই পরিস্থিতিতে ওই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটে ট্রাইব্যুনাল। ওই মহিলাকে ২৩ হাজার ৫২৬ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় তারা। ভারতীয় মুদ্রায় যা ২৯ লক্ষ টাকার মত।

বসের করা আলু বিদ্রূপ মহিলাকে ২৯ লক্ষ টাকা পাইয়ে দিল বটে, তবে যে অসম্মান তাঁকে সহ্য করতে হল তা কি সহজে মুছে দেওয়া যাবে? এ প্রশ্ন সকলের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *